শিরোনামঃ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ড্রেস-ব্যাগ দেওয়া হবে

অনলাইন ড্রেস
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ড্রেস-ব্যাগ দেওয়া হবে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আগামী জুলাইয়ে সারা দেশের প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক স্কুলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

 

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

ব্যবসায়ীদের মধ্যে শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অন্যরা অংশ নেন।

এহসানুল হক মিলন বলেন, ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা প্রদানের কমিটমেন্ট পেয়েছি বিজিএমইএর পক্ষ থেকে। প্রাথমিকভাবে এটি শুরু হবে শুধু প্রাথমিক বিদ্যালয়ের জন্য। সরকারের এ উদ্যোগের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীরাও এগিয়ে এসেছেন।

 

 

আগামী দিনেও তারা এই সহযোগিতা করবেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় অনেক উদ্যোক্তা ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন। চলতি বছরে এটি পাইলট আকারে শুরু হচ্ছে। আগামী অর্থবছরে বড় আকারে শুরু হবে।

 

ক্রমেই প্রতিটি উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে।

তিনি বলেন, সারা দেশে ছেলে শিক্ষার্থীরা এক কালারের ব্যাগ, জামা ও জুতা পাবে। একই সঙ্গে সব মেয়েরা পাবে একই ধরনের জামা, জুতা ও ব্যাগ। এর কোনো ব্যত্যয় হবে না।

 

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে পড়াশোনা করে, বিনা মূল্যে বই পায়, মিড ডে মিল পায়, এখন থেকে শিক্ষার্থীরা জামা, জুতা, পাটের তৈরি স্কুলব্যাগ পাবে।অভিভাবকরা নিশ্চিন্ত থাকবেন—প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে কোনো অর্থ ব্যয় হবে না।

অনুষ্ঠানে অংশ নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, শিক্ষার্থীদের জন্য সরকারের উদ্যোগের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। সারা দেশের প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও জুতা দেব আমরা। পরবর্তী সময়ে ইলেকট্রিক্যাল বাস দেওয়া হবে স্কুলগুলোতে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।