
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রি ও মাদক সেবনের অপরাধে ০৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে আটককৃত ০৩ জনের প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা প্রদান করা হয়। সাজা প্রদানের পরপরই আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স অবস্থান অব্যাহত থাকবে। মাদক বিক্রেতা ও মাদকসেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সামনের দিনগুলোতে উপজেলা প্রশাসনের এমন কঠোর থেকে কঠোরতর অভিযান ও তদারকি নিয়মিত চলবে।
এলাকায় মাদকমুক্ত পরিবেশ গঠনে সাধারণ মানুষকেও তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।