দিনাজপুর জেলার পার্বতীপুর উত্তরের একটি গুরুত্বপূর্ণ উপজেলা ও প্রাচীন শহর হলেও এখানে সময়ের সঙ্গে বিনোদনের ব্যবস্থা গড়ে ওঠেনি। পার্বতীপুরে নেই সাধারণ মানুষের জন্য নিঃশ্বাস নেওয়ার জায়গা। বিকেলে একটু ঘুরতে বা প্রাতঃভ্রমণের সে কোনো জায়গা নেই। এসবের কথা ভেবেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ।
পজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের পরিকল্পনায় উপজেলা চত্বরেই নির্মাণ করা হয়েছে একটি পার্ক। যদিও ছোট আকারে বানানো হয়েছে, বলা হচ্ছে মিনিপার্ক, তবেও সাধুবাদ পাচ্ছেন ইউএনও। এই পার্কের নাম দেওয়া হয়েছে 'পায়রাবতী।'
এই পার্কটি সোমবার সন্ধ্যায় গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা ও বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে থাকা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ সবুজায়ন ও পরিবেশ বান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা পরিষদ চত্বরে এমন একটি মিনি পার্ক নির্মাণকে স্থানীয় জনগণের জন্য ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবেও উল্লেখ করা হয়। এই পার্কটি স্থানীয়দের বিনোদন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি-দুটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক এবং এমন উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনকে ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।