নোয়াখালীতে বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলসহ দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- জেলার হাতিয়া উপজেলার শূন্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনের রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
পুলিশ জানিয়েছে, ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
এর দুই মাস আগে সোনাপুর থেকে জয়দেব নামে অপর এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। শুক্রবার চোর চক্রের সদস্য ফয়সাল জয়দেবের মোটরসাইলটি ফেরত দেওয়ার কথা বলে তার কাছ থেকে বিকাশ নম্বরে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা পাওয়ার পর মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করেন ফয়সাল।
একপর্যায়ে আরো টাকা দেওয়ার কথা বলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পুলিশে খবর দেন।
এ সময় সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফয়সাল ও জাহাঙ্গীরের কাছ থেকে প্রথমে আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। রাতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরকাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এ চক্র দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরির পর অন্য জেলায় পাচার করে আসছে। তারা নোয়াখালী থেকে গত কয়েকদিনে আরো কয়েকটি মোটরসাইকেল চুরি করে বলে ধারণা করছে পুলিশ।
’
তিনি আরো বলেন, ‘এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার তাদের আদালতে পাঠানো হবে।’