নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শফিকুল আজিম উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কাদিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়ির মাস্টার আবুল খায়েরের ছেলে।
জানা গেছে, বিকেলে শফিকুল আজিম মোটরসাইকেলে করে চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিলেন। পথে জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়।এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।