কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিল এসসির মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। এ ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছিলেন নিষ্প্রভ।
প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মেসির মায়ামি, তবে আক্রমণে তুলনামূলক বেশি দাপট দেখিয়েছে স্বাগতিক ন্যাশভিল। মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রেখে মোট পাঁচটি শট নেয়, যার মাত্র একটি ছিল লক্ষ্যে।অন্যদিকে ন্যাশভিল ১১টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের ৫৫ মিনিটে মেসি বাঁ দিক দিয়ে দৌড়ে এসে একটি জোরালো শট নেন। তবে দারুণ দক্ষতায় সেটি রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক। এটাই ছিল ম্যাচে মেসির একমাত্র লক্ষ্যে রাখা শট।