কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে ফিরে পাওয়ার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গৌরীপুর মোড়ের নাহার কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিবারের অভিযোগ, ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর গৌরীপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন একটি কালো হাইস মাইক্রোবাসে করে সাইফুল ইসলামকে তুলে নিয়ে যায়।
সাইফুলের বড় ভাই মো. জাকির বলেন, ‘ছয় বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। কিন্তু আজও আমার ভাইয়ের সন্ধান পাইনি। আমরা তাঁকে ফিরে পেতে চাই।
’
সাইফুলের স্ত্রী মোছা. ফাতেমা ইসলাম শিমলা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশের যত আয়নাঘর আছে, সবখানেই খুঁজেছি আমার স্বামীকে। ছয় বছর ধরে আমার স্বামীর অপেক্ষায় আছি। দেশের বিভিন্ন জায়গায় তাঁকে খুঁজেছি। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই।
যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।’
সাইফুলের আট বছর বয়সী মেয়ে মাঈমুনা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমি আমার বাবাকে ফিরে পেতে চাই।’
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম বলেন, ‘প্রকাশ্য দিবালোকে গৌরীপুর মোড় থেকে সাইফুলকে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। আমরা চাই, দ্রুত তদন্ত করে সাইফুলের সন্ধান বের করা হোক এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক।’
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সাইফুলের পরিবারের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, তাদের কাছে একটি ভিডিও ফুটেজ রয়েছে, যেখানে দুজনকে দেখা যাচ্ছে।
তাঁদের গ্রেপ্তার করতে পারলে সাইফুলের জীবিত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সাইফুলের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ড. খন্দকার মারুফ হোসেন তাঁর সন্ধান বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক মো. মঞ্জুর হোসেন ঈসা।
সমাবেশে সাইফুল ইসলামের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।