নদী দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে : খায়রুল কবির খোকন
যারা নদী দূষণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, ‘নদী দূষণ রোধে সবাইকে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
যেসব শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি প্লান্ট স্থাপন করেনি। তাদের দ্রুত ইটিপি প্লান্টের আওতায় আনা হবে। নদী দূষণের সঙ্গে জড়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, জাতীয় নির্বাচন যেমন উৎসবমুখর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আসছে স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
এ সময় অন্যদের মধ্যে নির্বাচন পরিদর্শন করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।
এদিন সকাল ৯টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩২ জন। এর মধ্যে ১নং জোনে ১৩৪২ ভোটারের বিপরীতে ৩১ জন প্রার্থী, ২নং জোনে ২৯০ ভোটার বিপরীতে ৪জন প্রার্থী, ৩নং জোনে ৫২ জনের বিপরীতে ২ জন ও চার নং জোনে ৩৪৫ ভোটারের বিপরীতে ২ জন প্রার্থী সহ মোট-৩৯ জন প্রার্থী রয়েছে। এর মাঝে বিজয়ী হবেন ১ নং এ ১১ জন, ২নং এ ২ জন, ৩নং এ ১ ও ৪ নং ১ সহ মোট ১৫ জন প্রার্থী। বিজয়ী প্রার্থীদের ভোটি সভাপতি ও সেক্রেটারি সহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে।