নগরকান্দায় কেন্দ্রীয় কালী মন্দিরের তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
ফরিদপুর জেলা
প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাজার কেন্দ্রীয় কালী মন্দিরের তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ভোর ৫টার মধ্যে কে বা কারা মন্দিরে ঢুকে মূর্তি দুটি চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মূর্তির মধ্যে প্রায় ৫ কেজি ওজনের একটি গোপাল মূর্তি এবং প্রায় ১৬ কেজি ওজনের একটি যুগল পিতলের মূর্তি রয়েছে।
জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে মন্দিরের পুরোহিত বরুণ সরকার ও তার স্ত্রী রমা চক্রবর্তী মূর্তিগুলো দেখে মন্দিরে তালা লাগিয়ে পাশের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে ঘুমাতে যান। সকালে আনুমানিক ৭টার দিকে মন্দিরে এসে তারা দেখতে পান, মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে থাকা দুটি পিতলের মূর্তি নেই।
এ ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি শ্রী রণদা প্রসাদ সোমবার দুপুর সাড়ে ১টার দিকে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নগরকান্দা থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে চুরি যাওয়া মূর্তি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।