হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বিজিবি। পোনাগুলো পরবর্তীতে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (১২ মে) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি বিশেষ টহলদল ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।
আনুমানিক সকাল ৭টার দিকে সন্দেহভাজন দুটি মাইক্রোবাস ও একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিজিবির টহলদল সংকেত দিয়ে গাড়িগুলো থামায়।
এ সময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেণু পোনা উদ্ধার করা হয়। এগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।
পরবর্তীতে পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে রেণু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাইপথে আনা এসব পণ্য দেশের অর্থনীতি, পরিবেশ ও স্থানীয় মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ।
চোরাচালান দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।