বিশ্ব নৌ খাতের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, ‘শুধু সংখ্যা বাড়ানো নয়, বরং প্রশিক্ষণের মান উন্নয়নের মাধ্যমেই আন্তর্জাতিক মানের নাবিক তৈরি সম্ভব।’
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকায় অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট-এ ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্ব নৌ খাতে ব্যাপক পরিবর্তন এসেছে।এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। রাজীব আহসান উল্লেখ করেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি অর্জন করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়। সরকার এই মান ধরে রাখতে এবং যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করবে।
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশি-বিদেশি জাহাজে কর্মসংস্থানের সুযোগ পাবে।এর ফলে একদিকে যেমন নৌ দুর্ঘটনা কমবে, অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রবাসে কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্স আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌ প্রকৌশলী শহিদ উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।