নেত্রকোনার কেন্দুয়ায় ময়লা-আবর্জনা ফেলা নিয়ে একই গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) সকালের দিকে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের পেছনের পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের ইঞ্জিল মিয়া (৫৯), তার স্ত্রী হাসিনা আক্তার (৪০) ও ছোট ভাই রেনু মিয়া (৫৭)। তারা একই পরিবারের সদস্য।
গুরুতর আহত ইঞ্জিল মিয়া ও রেনু মিয়াকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্স।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিলিমপুর গ্রামের ইঞ্জিল মিয়া ও আরাধন গংয়ের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে বুধবার সকালে ইঞ্জিল মিয়ার ছোট ভাই রেনু মিয়ার দোকানের পাশে ময়লা-আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আরাধনের নেতৃত্বে ইঞ্জিল মিয়াদের ওপর হামলা চালায়। এতে ইঞ্জিল মিয়া, তার স্ত্রী হাসিনা বেগম ও রেনু মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ময়মনসিংহে রেফার করা হয়। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ দুই পক্ষের মারামারির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।
অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।