তীব্র তাপদাহের মধ্যে কুমিল্লার লালমাই উপজেলায় শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে এক স্কুল শিক্ষার্থী। রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ভবনে এ ঘটনা ঘটে। ওই সময়ে বিদ্যালয় এলাকায় লোডশেডিং চলছিল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ক্লাস চলাকালীন হঠাৎ বমি করে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং মাটিতে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়।দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রানী মজুমদার জানান, ওই সময় পঞ্চম শ্রেণির সমাজ বিষয়ের পাঠদান চলছিল। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ সে বমি করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শ্রেণি শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা তার মাথায় পানি দিয়ে বিশ্রামের ব্যবস্থা করে।
কিছুক্ষণ পর শিক্ষকদের তত্ত্বাবধানে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বর্তমানে সারাদেশে তীব্র গরম বিরাজ করায় ছোট শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের ক্লাসসমূহ সকালে (মর্নিং শিফট) নেওয়ার দাবি উঠেছে অভিভাবক ও সচেতন মহলের পক্ষ থেকে।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু জানান, শ্রেণি পাঠদান চলা অবস্থায় একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়েছি।
তাপদাহের কারণে শিক্ষার্থীদের সুস্থতা বিবেচনায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের এক ঘণ্টা পরপর পানি পান করানো নিশ্চিত করতে শিক্ষা অফিসারকে বলা হয়েছে।
পরে শ্রেণি শিক্ষক শাকিলা আক্তারসহ সহপাঠীরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন।