তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তথ্য কমিশনকে আরো গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। এ জন্য কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা সুপ্রিম কোর্টের বিচারকদের সমান করা, পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দ এবং আইন সম্পর্কে অভিজ্ঞ একজন পূর্ণ সচিব নিয়োগের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এসব প্রস্তাব তুলে ধরে তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল।
তথ্য অধিকার ফোরাম বলেছে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনে দেওয়া ক্ষমতাবলে কমিশন দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করতে পারে। প্রয়োজনে জরিমানা আরোপ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করতে পারে।
ফোরামের মতে, তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের কারণ ও পদ্ধতির অনুরূপ। এ কারণে প্রধান তথ্য কমিশনার ও অন্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমান হওয়া প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময়ে কমিশনারদের পদমর্যাদায় ভিন্নতা থাকলে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেও তাদের যথাযথ পদমর্যাদা থাকা জরুরি।
তথ্য কমিশন পেশাদারির সঙ্গে পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দের ওপরও গুরুত্ব দিয়েছে তথ্য অধিকার ফোরাম।
এ ছাড়া কমিশনের সাচিবিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে সংবেদনশীল এবং এ বিষয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন পূর্ণ সচিব নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সংগঠনটি।
নতুন তথ্য কমিশনকে স্বাগত জানিয়ে ফোরাম বলেছে, কমিশন স্বাধীন ও কার্যকরভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে তারা প্রস্তুত।
তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনামের পাশাপাশি বিবৃতিতে একাত্মতা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারম্যান অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) সদস্য ও উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।