রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস।আর সর্বনিম্ন ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও দিনাজপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস।রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষর্ণের সম্ভাবনা রয়েছে।
এতে আরো বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এদিকে ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ১২৭ মিলিমিটার।