ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্তকরণ বণাঢ্য র্যালি ও নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন
শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রথমে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, মৎস্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য চাষ সম্প্রসারণ করতে হবে।
তারা আরও বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের যথাযথ ব্যবহার এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এ জন্য মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় জেলার নির্বাচিত সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।