ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী কিশোর নিহত
শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক
ঝালকাঠির বাসন্ডা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় রাফি ডাকুয়া (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বাইসাইকেলযোগে ঝালকাঠি শহরে আসার পথে পিরোজপুরগামী যাত্রীবাহী শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রাফি ডাকুয়া ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির প্রভাতি( ক) বিভাগের মেধাবী ছাত্র। সে ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। পরে রাজাপুর উপজেলার বাঘড়ি বাজার এলাকা থেকে রাজাপুর থানা পুলিশ বাসটি আটক করে।
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাফিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহটি ঝালকাঠি থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় ঝালকাঠি শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।