ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার
শংকর দাস পবন, সহবার্তা সম্পাদক
ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শহরের ফকিরবাড়ি রোডে অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শনে যান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় আনন্দঘন পরিবেশে কাটান। এ সময় শিক্ষার্থীদের পরিবেশিত গান ও আবৃত্তি শোনেন এবং তাদের উৎসাহিত করেন।
পরে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পরিচর্যা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন তিনি। শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের জন্য আরও সহায়ক ও উপযোগী পরিবেশ গড়ে তোলার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডির সভাপতি জাহিদ হোসেন খান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার এবং প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসীমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।