জয়পুরহাটে ট্রাকচাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক ব্র্যাককর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুল জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি দিনাজপুর সদরে ব্র্যাকের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শহরের গুলশান মোড় এলাকার নিজ বাড়ি থেকে শনিবার সকাল ৭টার দিকে মাহফুজুল মোটরসাইকেলযোগে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। বাড়ি থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে ওঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।