জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) হামলার শিকার হয়েছেন নির্মাতারা—এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী ও ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহানসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা।
অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের ৩০-৪০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।এতে মুশফিকুর রহমান জোহানসহ চারজন নির্মাতা আহত হন, যাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।
ঘটনার পর রাতেই মুশফিকুর রহমান জোহান রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই আন্দোলনবিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের কাজ তিনি সম্পন্ন করে জমা দিলেও এখনো বকেয়া বিল পরিশোধ করা হয়নি।
তার ভাষ্যমতে, দুপুর ২টায় ডাকা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।