জামালপুরের ইসলামপুর উপজেলায় গরুর মাংস খাওয়ার সময় গলায় আটকে মো. ইয়াসিন মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াসিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভাতের সঙ্গে গরুর মাংস খাওয়ার সময় ইয়াসিনের গলায় তা আটকে যায়। পরিবারের সদস্যরা তা বের করার চেষ্টা করেও ব্যর্থ হন।পরে দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের জানান, গলায় মাংস আটকে যাওয়া অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।