জাতীয় পর্যায়ে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী
ক্রাইম রিপোর্টার রাজশাহী মোঃ আতিকুর রহমান
নতুন কুড়ি স্পোর্টস-২০২৬" এর উদ্যোগে "স্বপ্নের পথে, বিজয়ের সাথে" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী রাজশাহীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, "খেলাধুলা একটি জাতিকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। রাজশাহীর মেধাবী খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে জেলার সুনাম বৃদ্ধি করছে। তাদের এই অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। জেলা প্রশাসন ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবসময় কাজ করে যাবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) মো. বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা)ইয়াছিন মিয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভিপি শাখা, সংস্থাপন শাখা এবং উন্নয়ন শাখা) প্রীতম চক্রবর্তী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর সদস্য সচিব মো. মোজাম্মেল হক এবং সদস্য সাইফুদ্দিন।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াবিদদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজশাহী জেলার গর্ব। ভবিষ্যতে আরও বেশি খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, প্রশিক্ষক, খেলোয়াড়, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠির আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী,