সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।সোমবার (২৫ মে) রাত ৮টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক-এর পেপারমিল এলাকার ২ নম্বর সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে ছাতকগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে নারীসহ ছয়জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক আহতদের মধ্যে বাবুল সরকার (৪০), তেরাব আলী (৬০), তারেক (৩০), রহিম উদ্দিন (৩২) ও অজ্ঞাতপরিচয় এক নারীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহত অপর একজনের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই চালক পালিয়ে যান।