*চায়নাবাঁধ-১ এ ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল, বিনোদনে মেতেছে সিরাজগঞ্জবাসী*
*মোঃ ইনসাফ আলী | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি | দেশের প্রত্যয়*
*সিরাজগঞ্জ:* পবিত্র ঈদুল আযহার আনুষ্ঠানিকতা শেষে বিনোদন ও ঘোরাঘুরিতে মেতেছে সিরাজগঞ্জবাসী। ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার সিরাজগঞ্জ চায়নাবাঁধ-১ এলাকায় নেমেছে মানুষের ঢল। যমুনা নদীর পাড় ঘেঁষা এই বাঁধটি এখন জেলার অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।
সকাল থেকে পরিবার-পরিজন নিয়ে চায়নাবাঁধে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশু-কিশোররা নদীর বাতাসে ঘুড়ি ওড়াচ্ছে, তরুণ-তরুণীরা সেলফি আর গ্রুপ ছবি তুলতে ব্যস্ত। নদীর পাড়ে বসে আড্ডা, ভ্রাম্যমাণ খাবারের দোকানে চা-চটপটি-ফুচকার ভিড়—ঈদের আমেজ যোগ করেছে বাড়তি মাত্রা।
রাজশাহী থেকে পরিবার নিয়ে আসা রুবেল মিয়া বলেন, “ঈদের দিন কোরবানি আর আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত ছিলাম। আজ একটু ফ্রি হয়ে চায়নাবাঁধে আসলাম। নদীর বাতাস আর খোলা আকাশ—মনটা ভালো হয়ে গেল।”
স্থানীয় দোকানিরা জানান, ঈদের ছুটিতে বিক্রি বেড়েছে কয়েকগুণ। বাদাম, ঝালমুড়ি, আইসক্রিম, বেলুন—সবই চলছে দেদারসে। ছোট ছোট নৌকায় চড়ে যমুনার কাছাকাছি যাওয়ার জন্য অনেকেই ভিড় করছেন।
সিরাজগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত লোকবল মোতায়েন করা হয়েছে। নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় লাল নিশান টানানো আছে।
ঈদের আনন্দকে আরও উপভোগ্য করতে চায়নাবাঁধ-১ যেন সিরাজগঞ্জবাসীর প্রাণের জায়গা হয়ে উঠেছে। ত্যাগের ঈদের পর এই বিনোদন মানুষের মনে এনে দিয়েছে স্বস্তি ও নতুন উদ্যম।