চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কাজীর দেউরী এলাকায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনিকা আক্তার সোমা নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কাজীর দেউরী ২ নম্বর গলির একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত মনিকা আক্তার (১৪) কুমিল্লা জেলার চান্দিনা থানার জামিরা পাড়া (৬ নম্বর ওয়ার্ড) এলাকার মো. জালালের মেয়ে। তারা পরিবারসহ কাজীর দেউরী ২ নম্বর গলির মান্নান সাহেবের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কিশোরী মনিকা ঘুমানোর কথা বলে তার রুমে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়।
পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করেন তার বাবা ও অন্য ভাড়াটিয়ারা।
কিশোরী সোমার প্রতিবেশীদের দাবি, মোবাইল ব্যবহার নিয়ে পরিবারের মুরব্বিরা তাকে বকাবকি করে ছিলেন। সেই অভিমানে সোমা আত্মহননের পথ বেছে নিয়েছে বলে তাদের ধারণা।
ওসি কোতোয়ালি আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।