বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে শফিউল আলম (৩৬) নামে এক যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাড়ি ঘুমধুমের আমতলী গ্রামে।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ভালুকিয়া নামক পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে সীমান্ত এলাকায় নিজের কলাবাগানে কাজ করতে যান শফিউল। একপর্যায়ে স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে তার পায়ের গোড়ালি উড়ে যায়।
তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, ঘুমধুম সীমান্তবর্তী কোন কোন এলাকায় মাইন পোঁতা আছে, সেগুলো শনাক্ত করে লাল পতাকা টাঙানো হবে। এতে ভবিষ্যতে সীমান্তের মানুষ এ ধরনের দুর্ঘটনার শিকার হবে না।