গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাতুব্বর (৩২) নামে এক যুবকের প্রাণ গেল। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের রুস্তম মাতুব্বরের ছেলে। আহতরা হলেন—নগরকান্দা উপজেলার দফা গ্রামের মো. আলী ফকিরের ছেলে মো. এমদাদুল ফকির (৩২) এবং সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের নুরু মোল্লার ছেলে সেকেন্দার মোল্লা (৩২)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, বুধবার ভোরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী যানবাহন একটি নসিমনকে সজোরে ধাক্কা দেয়।
এতে নসিমনে থাকা শাহিদ মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন এবং আরো দুজন আহত হন।পরে পথচারীরা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আমিনুল ইসলাম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।