গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে এক কৃষকের বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরের ধান, চাল, আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত কৃষক কাবুল দাড়িয়া মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে। অগ্নিকাণ্ডের সময় তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে ছিলেন।কাবুল দাড়িয়া বলেন, সন্ধ্যায় অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে থাকা অবস্থায় খবর পাই, আমার ঘরে আগুন লেগেছে।
বাড়িতে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ঘরটির ব্যাপক ক্ষতি হয়ে যায়।