প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
গোদাগাড়ীতে র্যাব-৫ এর অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের পাশাপাশি অবৈধ মজুদদারদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে ২৭ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালায়। তথ্য অনুযায়ী, মোঃ রাসেল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালিয়ে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে তার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় নাজিরপুরের ছয়হাটি বাজারে অবস্থিত মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। এ সময় দোকান মালিক মেয়াদোত্তীর্ণ লাইসেন্স প্রদর্শন করেন এবং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলে দাবি করেন।
বিষয়টি যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন।
র্যাব-৫ জানায়, অবৈধ জ্বালানি মজুদ ও বিপণনের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক দেশের প্রত্যয়। Web: www.desherprottoy.com / Gmail : desherprottoy@gmail.com / সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।