খুলনার কয়রা উপজেলায় ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ উপেন মৃধার (৫০) ও মুকেন্দ মণ্ডল (৪২) নামের দুই জেলের লাশ দুই দিন পর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আড় পাঙ্গাশিয়া নদীতে উপেন মৃধা ও বিকেলে মুকেন্দ মণ্ডলের লাশ নদীর তীরে ভেসে উঠলে স্থানীয় দেখে প্রশাসন খবর দিলে নৌ পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
নিহত দুই জেলে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা।তারা পেশায় জেলে ছিলেন এবং দীর্ঘদিন ধরে শাকবাড়িয়া নদী ও সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
আংটিয়ারা নৌ পুলিশের (ওসি) মো. ফারুক হোসেন বলেন, টানা ২ দিন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ডুবুরিদল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় ভাসমান অবস্থায় আড় পাঙ্গাশিয়া নদীতে জেলেদের লাশ দেখে খবর দিলে তাদের উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কয়রার শাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডল নামের দুই জেলে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।