চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘খাল খনন প্রকল্প শুধু পানি নিষ্কাশন বা কৃষির জন্য নয়, এটি গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিরও একটি কার্যকর উদ্যোগ। তাই এসব উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।’
তিনি বলেন, ‘গ্রামভিত্তিক উন্নয়নই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল দর্শন। সেই ধারাবাহিকতায় বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করছেন।
’
রবিবার (১০ মে) আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় চাতরী কান্দুরিয়া খাল পুনঃখনন এবং শাঙ্গু নদীর সংযোগ খালসহ কয়েকটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি নিজাম আরো বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রামীণ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাস্তাঘাট, সেতু নির্মাণ ও খাল পুনঃখননের মতো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ চলছে।’
তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।এ সময় পরৈকোড়া বাংলা খাল খনন প্রকল্পে স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উমা খান কাফি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরীসহ প্রমুখ।