খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাজারে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে তার কবর ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুর ১২টার দিকে শত শত নেতাকর্মী ও দেশে অবস্থানরত এবং প্রত্যাগত প্রবাসী নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।
জাতীয়তাবাদী প্রবাসী দলের আহ্বায়ক, সৌদি প্রবাসী বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শামিম আলম তুহিনের নির্দেশনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন প্রত্যাগত প্রবাসী ও বিএনপি নেতা মোহাম্মদ বাহাউদ্দিন।
কর্মসূচি শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।