চলতি বছরের প্রথম মাস জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে দেশের ভেতর ও বাইরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
নীতিনির্ধারকদের মতে, ক্রেডিট কার্ড লেনদেন অর্থনীতির ভোগব্যয়ের একটি গুরুত্বপূর্ণ সূচক।এই খাতে ধারাবাহিক নিম্নমুখিতা থাকলে তা সামগ্রিক ভোক্তা চাহিদার দুর্বলতার ইঙ্গিত দিতে পারে। তাই বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদহার সহনীয় পর্যায়ে রাখা এবং ভোক্তাদের আস্থা পুনরুদ্ধার জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৬৩ কোটি টাকা খরচ করেছিল। আর পরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে ৩৭৭ কোটি টাকা।সেই হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেন কমেছে ৮৬ কোটি টাকা।
প্রতিবেদন বলছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৫৪ কোটি ৩ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫০ কোটি ৪ লাখ টাকা, যুক্তরাজ্যে ৩০ কোটি ৪ লাখ টাকা, সিঙ্গাপুরে ৩২ কোটি ৪ লাখ টাকা, মালয়েশিয়ায় ২৩ কোটি টাকা, ভারতে ২৫ কোটি টাকা, নেদারল্যান্ডসে ১৭ কোটি, সৌদিতে ২৮ কোটি, কানাডায় ১১ কোটি, অস্ট্রেলিয়ায় ১৬ কোটি, আরব আমিরাতে ১৫ কোটি, আয়ারল্যান্ডে ১৩ কোটি ও অন্যান্য দেশে ৫৭ কোটি টাকা খরচ হয়েছে।
অপরদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছিল ৩৪৪ কোটি ৪ লাখ টাকা। আর পরের ফেব্রুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২৬৬ কোটি ৬ লাখ টাকা। সেই হিসাবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে কম খরচ করেছে ৭৮ কোটি টাকা।
এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৮৬ কোটি ৯ লাখ টাকা। এরপর মোজাম্বিকের নাগরিকরা ৩৫ কোটি টাকা খরচ করেছে। যুক্তরাজ্যের নাগরিকরা ২৪ কোটি টাকা খরচ করেছেন। অস্ট্রেলিয়ার নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ৯ কোটি ৬ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে দেশের ভেতরও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। জানুয়ারি মাসে দেশের ভেতর খরচ হয়েছিল ৩ হাজার ৭২০ কোটি টাকা। আর পরের ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ হয়েছে ৩ হাজার ৪২২ কোটি টাকা। সেই হিসাবে ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ কম হয়েছে ২৯৮ কোটি টাকা।
সামগ্রিকভাবে তিনটি ক্ষেত্রেই একযোগে লেনদেন কমে যাওয়ায় ক্রেডিট কার্ড ব্যবহারে একটি সতর্ক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ সুদহার, মূল্যস্ফীতি এবং আয়ের অনিশ্চয়তা - এই তিনটি কারণ ভোক্তাদের ব্যয় আচরণে বড় পরিবর্তন এনেছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ডেবিট কার্ডের ব্যবহার বাড়ায় ছোট ও দৈনন্দিন লেনদেনে ক্রেডিট কার্ডের নির্ভরতা কমছে।
খাত সংশ্লিষ্টদের মতে, কার্ড ব্যবহারে ইতিবাচক ধারা ফেরাতে ব্যাংকগুলোকে গ্রাহকবান্ধব সুবিধা যেমন- সহজ কিস্তি (ইএমআই), কম সুদহার এবং আকর্ষণীয় অফার বাড়াতে হবে। একই সঙ্গে বিদেশে ব্যয়ের ক্ষেত্রে নীতিগত স্বচ্ছতা ও পূর্বানুমতি নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক লেনদেনেও গতি ফিরতে পারে।