
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এ সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকার জনগণকে কথা দিয়েছে। জনগণ বিশ্বাস করে সরকার দেশের কল্যাণে কাজ করবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য ও মৎস অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি, খাদ্য, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন এসব কথা বলেন।
তিনি বলেন, এ দেশে ৭০ ভাগ মানুষ কৃষিনির্ভর, কৃষিক্ষেত্র উন্নত হলে এ দেশের অর্থনৈতিক অবস্থান সৃদৃঢ় হবে। এখন দরকার মাঠ-পর্যায়ে আপনাদের সহযোগিতা।
আমিন উর রশিদ ইয়াছিন বলেন, গত নির্বাচনে বিএনপির যে প্রতিশ্রুতি ছিল বেশীরভাগ ছিল কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য।
প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে সবচেয়ে বেশী উপকৃত হবে কৃষকরা। সরকার বিশ্বাস করে ৭০ ভাগ লোক যে পেশায় আছে সে পেশাকে উন্নতি করা দরকার। ৭০ ভাগ লোক ভালো থাকলে সরকার ভালো থাকবে।
তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ খাতকে আরো এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আমিন উর রশিদ ইয়াছিন বলেন, কৃষিনির্ভর সব বিভাগগুলোকে একীভূত করে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। কৃষি খাদ্য, মৎস ও প্রাণিসম্পদমন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধাসমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্ব অনেক বড়। আমি কৃষির সঙ্গে জড়িত গত তিন যুগ ধরে।
আমি দীর্ঘদিন ধরে ইউএসডি সার্টিফাইড অর্গানিক ফুড প্রোডাকশান করি। আমি যে খাতকে পছন্দ করে সে খাতেই আমাকে মন্ত্রী করেছে। আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা, এ সরকারের প্রয়োজন আপনাদের সহযোগিতা। সমস্যা সমাধানে সরকার সব সময় বদ্ধ-পরিকর। দায়িত্ব পালনে আপনারা যত সিরিয়াসলি নেবেন দেশের উন্নয়ন তত তরান্বিত হবে।
এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।