বগুড়ার নন্দীগ্রামে জন্মগত চোখের ত্রুটিতে ভোগা তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে শিশুটির চোখে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে।
চিকিৎসকদের মতে, আরো দুটি অস্ত্রোপচার সফল হলে তার চোখ পুরোপুরি ভালো হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ।
আবু বক্কর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামের কৃষক বাদশা মিয়ার ছেলে। ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন তিনি।
সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে পরিবারের পক্ষ থেকে দেওয়া একটি মানবিক বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার সার্বিক দায়িত্ব দেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস জানান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সংগঠনটির সদস্যসচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে আবু বক্করের পরিবার। উন্নত চিকিৎসার মাধ্যমে সন্তান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে—এমন প্রত্যাশা পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও।