কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছেলে মো. মিজানুর রহমান শামিমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাশের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই সকালে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী গ্রামে মাদকের টাকা না পেয়ে মিজানুর রহমান তার মায়ের শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে সাতটি টিনশেড ঘর, আসবাবপত্র এবং ব্যবসায়িক মালামাল পুড়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় মিজানুর রহমানের মা মোছা. আফরোজা বেগম (৬৫) নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, শামিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই ঘরের মালামাল ও স্বর্ণালঙ্কার চুরি করতেন। এর আগে, গত ২ জুলাই ছোট ভাই মোস্তাফিজার রহমান শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, আগুন দেওয়ার পর শামিম দেশীয় অস্ত্র হাতে ঘরের সামনে অবস্থান নেন এবং আগুন নেভাতে এগিয়ে এলে আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। এতে কেউ আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যেতে সাহস পাননি। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি অভিযুক্ত মিজানুর রহমান শামিম ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পরে শুক্রবার বিকেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।’