কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় লাইসেন্স ছাড়া বসতঘরে জ্বালানি তেল মজুদ ও অধিক দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা থেকে মোট ২৫০ লিটার অকটেন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী (চাঙ্গিনী মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।
অভিযানকালে ‘আবুল কাশেম এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।এ সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল হাসেমের (৩৮) ভাড়া বাসা থেকে ২৪৫ লিটার এবং দোকান থেকে আরো ৫ লিটার অকটেন জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দ করা ২৫০ লিটার অকটেন স্পট নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা একটি ফিলিং স্টেশনের কাছে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি লাইসেন্স ছাড়াই দাহ্য পেট্রোলিয়াম পণ্য সংরক্ষণ ও বিক্রি করছিলেন।এছাড়া অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পাত্রে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
তিনি আরো জানান, জ্বালানি তেলসহ গুরুত্বপূর্ণ পণ্যে ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।