কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দোহায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশেষ গুরুত্ব দেওয়া হয় জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর।
দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কাতারে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
66
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। বিশেষ করে জ্বালানি ও আর্থিক খাতে দুই দেশের সহযোগিতা আরো জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় উঠে আসা বিষয়গুলো পরবর্তী সময়ে এগিয়ে নিতে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা বাড়াতে দুই খাতে যৌথ কর্মদল গঠনের বিষয়ে একমত হয় বাংলাদেশ ও কাতার।
বৈঠকে কাতারের দুই মন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার ভোরে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী।সফর শেষে ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।