কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে ঝালকাঠিতে অবহিতকরণ সভা
শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক
কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ‘সোশ্যাল মোবিলাইজেশন ফর অ্যাকাউন্টেবল লোকাল গভর্ন্যান্স টুওয়ার্ডস ক্রিয়েটিং এসডিজি ইউনিয়ন’ প্রকল্পের আওতায় ‘পরিবর্তনের রাজনীতি: কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ দূরীকরণ’ শীর্ষক এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে. এম. হারুন অর রশিদ, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং প্রকল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কন্যাশিশুর শিক্ষা অব্যাহত রাখা, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করতে হবে। একই সঙ্গে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, “কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ বেড়ে ওঠা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি শিক্ষিত, সচেতন ও বৈষম্যহীন সমাজ গড়তে কন্যাশিশুর অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আককাস সিকদার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সমাজের প্রতিটি সচেতন নাগরিকের সম্মিলিত দায়িত্ব। কন্যাশিশুর শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে সামাজিক সচেতনতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
সভা শেষে অংশগ্রহণকারীরা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।