কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাস টার্মিনাল এলাকার ‘দি গ্র্যান্ড ঢাকা’ আবাসিক হোটেলের ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল আতাউল কবির পটুয়াখালীর বাসিন্দা। মরদেহ উদ্ধারের পর তার পরিবারের নিকট সংবাদ দেওয়া হয়েছে।
হোটেল ম্যানেজার জিন্টু বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন।
শুক্রবার সকাল ১১টার দিকে চেকআউটের সময় হলে হোটেল কর্তৃপক্ষ তার কক্ষে গিয়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের ভেতর থেকে আতাউল কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
করা হয়।পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পের শৌচাগার থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন এর এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।