কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে এক দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এরপর বিকেল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকার সাগরপাড় থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিনটি মরদেহের কারো পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়।
ওই ঘটনায় দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করলেও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছেন কি না, তা যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
’
তিনি আরো বলেন, মরদেহগুলোর পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।