ইউরোপে রেল যোগাযোগকে তুলনামূলক নিরাপদ পরিবহনব্যবস্থা হিসেবে বিবেচনা করা হলেও বিভিন্ন সময়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। অতিরিক্ত গতি, সংকেতব্যবস্থার ত্রুটি, ব্রেকের সমস্যা, সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের মতো কারণে ঘটেছে এসব দুর্ঘটনা।
সর্বশেষ মঙ্গলবার স্পেনের তোলেদো প্রদেশের উরদার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে এই প্রতিবেদনে তৈরির সময় ৬৪ জন মানুষের প্রাণহানি হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তোলেদো প্রদেশের উর্দা শহরের স্টেশনে ভয়াবহ এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে আপাতত আদিফের এক কর্মীর মানবিক ভুলকে প্রধান ধারণা হিসেবে বিবেচনা করছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
এর আগে স্থানীয় বুধবার সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে মোরাসহ ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়।
এতে দুটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি খাদের মধ্যে ট্রেনের বগি কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়।
স্পেনের আদামুজ দুর্ঘটনা
চলতি বছরের ১৮ জানুয়ারি দক্ষিণ স্পেনের কর্দোবা প্রদেশের আদামুজের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হন। একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে উঠে গেলে অপর ট্রেনটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বহু মানুষ আহত হন।
পরবর্তী তদন্তে দুর্ঘটনার আগের দিন রেললাইনে ভাঙন দেখা দিয়েছিল বলে স্পেনের সিভিল গার্ড জানায়। সংকেতব্যবস্থা সেই ত্রুটির সতর্কবার্তা দেয়নি বলেও তদন্তে উঠে আসে।
গ্রিসের তেম্পে
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি গ্রিসের তেম্পে এলাকায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫৭ জন নিহত হন। নিহতদের বড় অংশ ছিলেন শিক্ষার্থী।
দুর্ঘটনার পর দেশটির রেলব্যবস্থার নিরাপত্তা, সংকেতব্যবস্থার দুর্বলতা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
স্পেনের সান্তিয়াগো দে কম্পোস্তেলা
২০১৩ সালের ২৪ জুলাই স্পেনের গালিসিয়া অঞ্চলে সান্তিয়াগো দে কম্পোস্তেলার কাছে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এতে ৮০ জন নিহত এবং ১৪৫ জন আহত হন।
আরো পড়ুন
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি
তদন্তে দেখা যায়, ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিসীমার একটি বাঁকে ট্রেনটি ঘণ্টায় ১৭৯ কিলোমিটার গতিতে চলছিল। দুর্ঘটনার আগে চালক মোবাইল ফোনে কথা বলছিলেন বলেও তদন্তে উঠে আসে।
মন্টেনেগ্রোর বিয়োচে
২০০৬ সালের ২৩ জানুয়ারি মন্টেনেগ্রোর রাজধানী পডগোরিৎসার কাছে বিয়োচে এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত এবং ১৮৪ জন আহত হন। ব্রেকব্যবস্থার ত্রুটিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
জার্মানির এশেডে
১৯৯৮ সালের ৩ জুন জার্মানির এশেডে শহরের কাছে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে সেতুর সঙ্গে ধাক্কা খায়। পরে সেতুটি ভেঙে ট্রেনের ওপর পড়ে। এতে ১০১ জন নিহত ও ৮৮ জন আহত হন।
তদন্তে ট্রেনের একটি চাকার ধাতব অংশে ক্লান্তিজনিত ফাটলকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
অস্ট্রিয়ার কাপরুন
২০০০ সালের ১১ নভেম্বর অস্ট্রিয়ার কাপরুনে একটি পর্বতগামী ফানিকুলার রেলযানে আগুন লেগে ১৫৫ জন নিহত হন। যাত্রীদের অধিকাংশ ছিলেন স্কি করতে যাওয়া পর্যটক।
অগ্নিকাণ্ডের পর মাত্র ১২ জন বেঁচে ফিরতে সক্ষম হন। এটি প্রচলিত রেলগাড়ির সংঘর্ষ না হলেও ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী রেল পরিবহন দুর্ঘটনাগুলোর একটি।
যুক্তরাজ্যের ক্ল্যাফাম জংশন
১৯৮৮ সালের ১২ ডিসেম্বর লন্ডনের ক্ল্যাফাম জংশনের কাছে তিনটি ট্রেনের সংঘর্ষে ৩৫ জন নিহত হন।
দুর্ঘটনার তদন্তে রেল সংকেতব্যবস্থার রক্ষণাবেক্ষণে ত্রুটি এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতি উঠে আসে। এ ঘটনা যুক্তরাজ্যের রেল নিরাপত্তাব্যবস্থার সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুক্তরাজ্যের প্যাডিংটন
১৯৯৯ সালের ৫ অক্টোবর লন্ডনের প্যাডিংটন স্টেশনের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ৩১ জন নিহত হন। একটি ট্রেন লাল সংকেত অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার পর সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর সংকেতব্যবস্থা, চালকদের প্রশিক্ষণ এবং রেল পরিচালনায় নিরাপত্তার ঘাটতি নিয়ে ব্যাপক পর্যালোচনা শুরু হয়।
ইতালির ভিয়ারেজ্জিও
২০০৯ সালের ২৯ জুন ইতালির ভিয়ারেজ্জিও শহরে তরলীকৃত গ্যাস বহনকারী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। আগুন আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হন।
এ ঘটনা রেলপথে বিপজ্জনক পণ্য পরিবহন ও মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।