রাশিয়ার খান্তি-মানসিস্ক স্বায়ত্তশাসিত অঞ্চল-ইউগ্রায় অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ স্থপতি ও উদ্যোক্তা জোহরা গুলশান আরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২০ জন তরুণ নেতা ও স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
আগামী ১৩ থেকে ২৩ আগস্ট রাশিয়ার বেরিওজভস্কি জেলায় আয়োজনটি অনুষ্ঠিত হবে। মূলত স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ, নগর পরিকল্পনা, স্থাপত্য ও গণমাধ্যমের মতো নানা ক্ষেত্রে সক্রিয়ভাবে যুক্ত থাকা তরুণদের এ কর্মসূচীতে সম্পৃক্ত করা হয়েছে।
জোহরা গুলশান আরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দেশের নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি প্রযুক্তি খাতের স্টার্টআপ ‘ইকোটেক ইনোভেশন’-এর সঙ্গে যুক্ত আছেন।
কর্মসূচিতে জোহরা গুলশান আরাকে সম্পূর্ণ অর্থায়নে (ফুল স্কলারশিপ) অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আয়োজকেরা। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াতসহ তার সব ধরনের খরচ আয়োজক সংস্থাই বহন করবে। এ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করছে ‘রাশিয়ান হাউস ইন বাংলাদেশ’।
রাশিয়ার ফেডারেল যুব বিষয়ক সংস্থা ‘রসমোলোদেজ’-এর সহযোগিতায় এবং ‘রাশিয়া-সম্ভাবনার দেশ’ শীর্ষক ফেডারেল প্রকল্পের আওতায় এ আন্তর্জাতিক ভলান্টিয়ার কর্পসের আয়োজন করা হচ্ছে।
এছাড়া রাশিয়ায় ঘোষিত ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ ২০২৬’-এর নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেও এটি বাস্তবায়িত হচ্ছে।
‘ইউথ সেন্টার অব ইউগ্রা’ নামক একটি অলাভজনক সংস্থার আনুষ্ঠানিক আমন্ত্রণে বাংলাদেশে থেকে নির্বাচিত একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন জোহরা।
আয়োজক কর্তৃপক্ষের মতে, বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সমাগমে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। বাংলাদেশের এক তরুণ স্থপতির বিশ্বমঞ্চে এই নেতৃত্ব ও নির্বাচনকে দেশের যুবসমাজের জন্য এক অনুপ্রেরণাদায়ী অর্জন হিসেবে দেখা হচ্ছে।