ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে স্থানীয় রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি লালা প্রকাশ লালা মেথরকে গ্রেপ্তার করেছে র্যাব-০৭। এ পর্যন্ত এ মামলায় ২৬ জন আসামি গ্রেপ্তার হলো, পলাতক রয়েছেন আরও ১৩ জন।
সোমবার (২০ এপ্রিল) গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, র্যাব গ্রেপ্তার করে অভিযুক্ত লালাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করে।পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী আরও জানান, বর্তমানে মামলাটি সাক্ষী পর্যায়ে জেরার জন্য চলমান রয়েছে। আগামী ২৯শে এপ্রিল মামলার পরবর্তী ধার্য তারিখ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন থেকে বহিস্কৃত এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন।
ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে স্থানীয় রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।