বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রিবার্ষিক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও সাবেক সচিব মো. আব্দুল কাইয়ুম। মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া মুহম্মদ হুমায়ুন চৌধুরী।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির নির্বাচিত উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন গত ১৪ মে প্রকাশিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই সম্পন্ন করে। সংশ্লিষ্ট পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বৈধভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এতে আরো বলা হয়, কার্যনির্বাহী সদস্যের ১৫টি পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদেরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহসভাপতি পদে মো. আব্দুল মান্নান, মো. আবদুর রহমান খান ও মো. মোখলেছুর রহমান (তিনজনই অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি); কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল কুদ্দুস খান; যুগ্ম মহাসচিব পদে মো. সিরাজুল ইসলাম ও মো. বক্তিয়ার হোসেন ভূঞা; দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ; লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে জনাব নাসির উদ্দিন খান পিপিএম; ও সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস।
আগামী ২০ জুন নবনির্বাচিত ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।