ধারণক্ষমতার প্রায় চার গুণ রোগী ভর্তি ও অক্সিজেন সংকট দেখা দেওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) শিশু বিভাগে নতুন করে কোনো রোগী ভর্তি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রারের স্বাক্ষর করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, পর্যাপ্ত অক্সিজেন না থাকায় নতুন রোগীদের অক্সিজেন দেওয়া সম্ভব নয়। নোটিশে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. রোকসানা পারভিন বলেন, শিশু বিভাগে নির্ধারিত শয্যা রয়েছে ৪৮টি। এর বিপরীতে মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ১৭৬ জন রোগী ভর্তি ছিলেন।
অর্থাৎ নির্ধারিত শয্যার তুলনায় প্রায় চার গুণ রোগী চিকিৎসাধীন ছিলেন। শুধু মঙ্গলবারই নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত রোগী থাকায় শিশু বিভাগের চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে অক্সিজেন সরবরাহে সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিশেষ করে শ্বাসকষ্টসহ সংকটাপন্ন শিশুদের অক্সিজেনের প্রয়োজন হওয়ায় নতুন রোগী ভর্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।