শিরোনামঃ

মাধবদীতে পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের শতাধিক গাছ কর্তনের অভিযোগ


মাধবদীতে পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের শতাধিক গাছ কর্তনের অভিযোগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

মাধবদীতে পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের শতাধিক গাছ কর্তনের অভিযোগ

রাতের আঁধারে শতাধিক চারা কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় একদল লোকের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদী এলাকায় পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের খালি জায়গায় দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণের তিনদিন পরই রাতের আঁধারে শতাধিক চারা কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় একদল লোকের বিরুদ্ধে।

 

গত ২৯ জুন রাত তিনটার দিকে মাধবদীর আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় এই আবাসন প্রকল্পে গাছের চারাগুলো কেটে ফেলার ঘটনা ঘটে।

 

 

এর তিনদিন আগে ২৬ জুন ওই আবাসন প্রকল্পে চারাগুলো রোপণ করা হয়। এ ঘটনায় ২ জুলাই আবাসন প্রকল্পের স্টাফ রাজীব হোসেন মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ বলছে, ২৯ জুন রাতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক প্রবাসী পল্লীতে আসেন। তারা ভেতরে প্রবেশ করে পোস্ট ক্যাম্পে ভাঙচুর চালান।

 

 

পরে রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা কেটে ফেলেন। এই ঘটনায় জড়িত মোজাম্মেল, সিরাজুল, তাহারুল, মামুন, মাসুদ, ফিরোজ ও আমান- এই সাতজনকে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তারা পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকার বাসিন্দা ও পার্শ্ববর্তী আবাসন প্রতিষ্ঠান পূর্বায়ন সিটিতে কর্মরত। এ ছাড়া ঘটনায় জড়িত ছিলেন আরও ১০-১২ জন।

 

তাদের পরিচয় শনাক্ত হয়নি।

আবাসন প্রকল্পের প্রজেক্ট স্টাফ রাজীব হোসেন বলেন, ‘আমরা গাছের চারাগুলোর নিয়মিত পরিচর্যা করে আসছিলাম। প্রজেক্টে হামলার সময় তারা ওই চারাগুলোও কেটে ফেলেছেন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মাধবদী থানায় জিডি করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।

 

 

আমরা চাই, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিক।’

মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ একটি জিডি করেছে। যাদের নাম এসেছে, দ্রুত যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।