বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে রবিবার (২৪ মে) দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
এর আগে গতকাল শনিবার (২৩ মে) দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে চিকিৎসকদের ওপর চড়াও হন। এ সময় তাদের হামলায় তিনজন ইন্টার্ন চিকিৎসক আহত হন এবং আরো কয়েকজন লাঞ্ছনার শিকার হন।এ ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়নি। সিনিয়র চিকিৎসক ও মিড লেভেল চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :