শিরোনামঃ

ডিসি-এসপি পরিচয় দিয়ে করতেন চাঁদাবাজি

admin5
ডিসি-এসপি পরিচয় দিয়ে করতেন চাঁদাবাজি
Getting your Trinity Audio player ready...

নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডির এসপি ও জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে নাঈম হোসেন (২৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও বিভিন্ন কম্পানির ৩৮টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

 

 

বুধবার (৩ জুন) বিকেলে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে বগুড়া জেলার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নাঈম হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।

 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২৫ মে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীকে ফোন করেন।

 

 

তিনি ব্যবসায়ীকে বলেন, ‘আপনার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে। এখন পাঁচ লাখ টাকা না দিলে আপনার বিরুদ্ধে মামলা হবে।’ মামলা-মোকদ্দমার ভয়ে ওই ব্যবসায়ী প্রতারকের নগদ অ্যাকাউন্টে ২০ হাজার ৩০০ টাকা পাঠান।এ ছাড়া গত ৩০ মে একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন করেন।

 

 

তিনি বলেন, ‘আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়। আমাকে ৪০ হাজার টাকা না দিলে আপনার বিরুদ্ধে মামলা হবে।’

পুলিশ সুপার বলেন, এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নাঈম হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে আসছিলেন।

 

 

কখনো তিনি নিজেকে ওসি, কখনো এসপি, ডিসি কিংবা প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিতেন। ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতারণার শিকার হয়েছে।

তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।