জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দি রেলস্টেশন এলাকায় বজ্রাঘাতে এক ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৭ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলস্টেশন সংলগ্ন পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী কোহিনুর মিয়ার দাবি, এ ঘটনায় তার অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, তারাকান্দি রেলস্টেশন এলাকায় কোহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। দোকানটিই ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। প্রতিদিনের মতো এদিন ভোরে দোকান বন্ধ করে বাড়িতে যান কোহিনুর।এরপর বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রাঘাতে দোকানে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো দোকান ছাই হয়ে যায়।
ভুক্তভোগী মুদি দোকানদার কোহিনুর মিয়া বলেন, ‘ওই দোকানটাই আমার আয়ের একমাত্র উৎস ছিল। সেটিও বজ্রাঘাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল।
পরিবার-পরিজন নিয়ে চলার মতো কোনো সম্বলই আর রইল না।’
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন জানান, সকালে বৃষ্টির মধ্যে তারাকান্দি রেলস্টেশন এলাকায় বিকট শব্দে বজ্রাঘাত ঘটে। এ সময় এক মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে সহায়তা পেলে আবার ওই দোকানি ঘুরে দাঁড়াতে পারবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :